

দেশের অন্যান্য অঞ্চলের মতো বন্দরনগরী চট্টগ্রামেও ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই ৭৯ জনের মধ্যে ৪২ জন সরকারি হাসপাতালে এবং ৩৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিস্থিতি আরও বেদনাদায়ক হয়ে উঠেছে এক নারীর মৃত্যুর খবরে। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই এক নারীর মৃত্যু নিয়ে চলতি বছরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ তৎপরতা শুরু করেছে। মশা নিধন এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালে রোগীর প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা বলছেন, একটু সর্তক থাকলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ঘরের ভেতর বা আশেপাশে কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।