

সাভারের আলোচিত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের আজ ৬ বছর পূর্ণ হলো। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বখাটে মিজানুর রহমানের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন দশম শ্রেণির এই শিক্ষার্থী। দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার কাজ। দ্রুত বিচার না পাওয়ায় চরম হতাশা আর ক্ষোভে দিন পার করছে নীলার পরিবার।
ছবিতে থাকা এই হাসিখুশি মেয়েটির নাম নীলা রায়। মানিকগঞ্জের বালিরটেক এলাকার বাসিন্দা নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলে দশম শ্রেণিতে পড়ত। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ভাইয়ের সাথে হাসপাতাল থেকে ফেরার পথে ঘটে এক মর্মান্তিক ঘটনা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে মিজানুর রহমান নীলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নীলার।
ঘটনার পর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত মিজানুর রহমান এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। কিন্তু ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রিতার কারণে বিচারের আশা ক্রমশ ফিকে হয়ে আসছে পরিবারটির।
"৬টা বছর হয়ে গেলো, চোখের সামনে মেয়েটাকে খুন হতে দেখলাম, অথচ খুনিরা এখনো শাস্তি পেলো না। আমরা শুধু চেয়েছিলাম খুনিদের দ্রুত ফাঁসি হোক। আদালতে দিনের পর দিন ঘুরছি, কিন্তু বিচারটা এত দিন ধরে ঝুলে আছে যে আমরা এখন হতাশ।
আদালত সূত্রে জানা যায়, মামলার অন্যতম সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চললেও নানা আইনি জটিলতায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তবে নীলার পরিবার ও সাভারবাসীর একটাই দাবি - চাঞ্চল্যকর এই মামলার দ্রুত নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো 'নীলা'কে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়।
৬ বছর আগে সাভারের যে স্থানে নীলার রক্ত ঝরেছিল, সেই ক্ষত আজও শুকায়নি তার পরিবারের। দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই শোকাহত পরিবারটিকে কিছুটা সান্ত্বনা দেওয়া সম্ভব।