

ইকরামুল হক সাফিন, হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ধুরাইল-ধারা সড়কে ইজিবাইক ও অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদা আদায় বন্ধের দাবিতে ধুরাইল ও আশ্রামপাড়ার তিনটি পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ধুরাইল-ধারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধকারী চালকদের অভিযোগ, ধুরাইল-ধারা সড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচলের সময় বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে। প্রতিদিনের আয় থেকে এভাবে টাকা দিতে গিয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চালকরা বলেন, “আমরা দিনভর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আমরা এ ধরনের চাঁদা আদায় বন্ধের দাবি জানাচ্ছি। তাদের দাবি, সড়কে কারা টাকা আদায় করছে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো চালকের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা না হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। চালকদের অবরোধের কারণে কিছু সময় ধুরাইল-ধারা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।