

বিনিত দাস বড়লেখা প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় আল হেরা একাডেমির প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ দিয়ে অভিনন্দিত করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাহীন আহমদের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন একাডেমির পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়ছল আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তারেক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়ছল আহমদ বলেন, পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-ছাত্রীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন ও সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক বিনিত চন্দ্র দাস বলেন, একটি পরীক্ষায় ভালো ফলাফলই শেষ কথা নয়; নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ক্রমাগত উন্নত করতে হবে। শিক্ষার্থীদের শুধু মেধা বিকাশ নয়, বরং একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে একাডেমির অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দও বক্তব্য রাখেন। তাদের আলোচনা ও উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত রূপ নেয়। ফলাফল ঘোষণার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।