

ঢাকা: সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, মদিনার মতো পবিত্র স্থান এবং বেসামরিক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক আদর্শের চরম লঙ্ঘন। বেসামরিক নাগরিকদের জীবন ও প্রয়োজনীয় সেবাকে হুমকির মুখে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এ ধরনের অসংবেদনশীল ও সহিংস কর্মকাণ্ডের কঠোর বিরোধিতা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, যেকোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংসতা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা বিনষ্টকারী পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট ও সুদৃঢ়। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
উল্লেখ্য, সৌদি আরবের মদিনা অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রে হুতিদের এই হামলার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিরা এই ঘটনার কড়া প্রতিবাদ জানাচ্ছেন।