

এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ওপর বিভিন্ন মাধ্যমে হয়রানি ও অনাকাঙ্ক্ষিত অভিযানের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব ধরনের এলপিজি গ্যাসের দোকান ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশের খুচরা ও পাইকারি এলপি গ্যাস ব্যবসায়ীদের সংগঠন ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এই ধর্মঘটের ডাক দিয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিইআরসি ঘোষিত মূল্যের সাথে বাস্তবতার কোনো সামঞ্জস্য না থাকায় এবং ডিলার পর্যায় থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হওয়ায় বাধ্য হয়েই খুচরা বিক্রেতাদের বাড়তি দামে গ্যাস বিক্রি করতে হয়। তবে স্থানীয় প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত কোনো ধরনের সমন্বয় না করেই নিয়মিত খুচরা বিক্রেতাদের ওপর জরিমানা ও হয়রানি চালাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, সমস্যার মূল গোড়ায় সমাধান না করে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অবিলম্বে হয়রানি বন্ধ এবং যৌক্তিক মূল্য সমন্বয়ের পরিবেশ তৈরি না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকলে সারাদেশে রান্নার গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে রান্নার গ্যাসের সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ গ্রাহকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।