

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
প্রতিপাদ্য: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”Resilience Starts at Home
শ্যামনগর, সাতক্ষীরা: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গুড নেইবারস বাংলাদেশ-এর জিএন-জাপান-মোফা প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসা এবং শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগ, মানুষের জীবন ও জীবিকা সুরক্ষা, পরিবারভিত্তিক প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, স্থানীয় নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, দুর্যোগ ঝুঁকি নিরূপণ, সরকার, বেসরকারি সংস্থা ও কমিউনিটির ভূমিকা এবং দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ-এর পদ্মপুকুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক জনাব আব্দুল কাদের। দিবসটি উদযাপনের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন গুড নেইবারস বাংলাদেশ-এর জিএন-জাপান-মোফা প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমজাদুল ইসলাম আমজাদ। তিনি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবারভিত্তিক প্রস্তুতি ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও প্রস্তুতি নিশ্চিত করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহা. মঈন উদ্দিন এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর ইউনিয়ন টিম লিডার জনাব মহিবুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গুড নেইবারস বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করার বার্তা নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।