

সময়ের কথা ডেস্ক: রংপুর ও রাজশাহীতে দিনভর একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং দলীয় প্রাক-সাংগঠনিক সভায় যোগ দিতেই তাঁর এই বিশেষ সফর।
মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) রাত ৭টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ সামরিক বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকালে রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে আকাশপথে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি রংপুরে গমন করেন এবং রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। হিন্দু ধর্মাবলম্বী পূজার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সফরকালে স্থানীয় তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সাধারণ মানুষের আয়োজিত দুটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।
রংপুরের কর্মসূচি সম্পন্ন করে তিনি রাজশাহীতে পৌঁছান এবং সেখানে একটি বিশাল রাজনৈতিক জনসভায় অংশ নেন। জনসভা শেষে রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের সাথে কুশল বিনিময় করেন।
চট্টগ্রামে পৌঁছানোর পর প্রখ্যাত জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
চট্টগ্রামের সার্বিক কর্মসূচি শেষে আজ রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দেশ ও রাজনীতির সবশেষ গুরুত্বপূর্ণ সংবাদের নিরপেক্ষ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন Somoyerkatha.com।