

হারাধন কর্মকার, রাজস্থলী প্রতিনিধি | সময়ের কথা
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বন্য শূকরের আক্রমণে হরি মনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এই হৃদয়বিদারক বিষয়টি জানাজানি হয়।
নিহত হরি মনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার সকালে পাহাড়ে নিজেদের ঝুম খেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরি মনি ত্রিপুরা। এ সময় হঠাৎ করেই পাহাড়ের ওপরের দিক থেকে আসা একটি বন্য শূকরের পাল তাকে আক্রমণ করে বসে। আশেপাশে অন্য কোনো লোক না থাকায় পালানোর চেষ্টা করলেও শূকরের সামনে পড়ে যান তিনি। বন্য শূকরের এলোপাতাড়ি আক্রমণে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় এনে আমাকে বিষয়টি জানিয়েছেন। এলাকাটি অনেক দূরবর্তী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।