
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় চায়ের দোকান সরানোকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগীদের মারধর করে স্বর্ণালংকার, নগদ অর্থ ছিনতাই এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের ৮১ নম্বর বংশাল রোড, নোয়াপাড়া ১ নম্বর গলির মুখের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী শিপন দাশ (৪৫), তার স্ত্রী শিমা দাশ (৩৫), ছেলে রিশিদ দাশ (১০) ও মেয়ে খুশি দাশ (১৫) আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় ভুক্তভোগী শিপন দাশ বাদী হয়ে কোতোয়ালী থানায় প্রদীপ দাশ (৪৮), দীপক দাশ (৪৬), কিশোর দাশ (৩৭)-সহ নামীয় ৭ জন এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ১ নম্বর গলির সামনে ব্যবসায়ী শিপন দাশের একটি অস্থায়ী চায়ের দোকান রয়েছে, যা দিয়ে তিনি সংসার পরিচালনা করেন। দোকানটি স্থাপনের পর থেকেই অভিযুক্তরা সেটি সরিয়ে নেওয়ার জন্য শিপন দাশকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এর জের ধরে ঘটনার দিন অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চায়ের দোকানে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রথমে শিপন দাশের স্ত্রীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরিবারটি প্রতিরোধ করতে গেলে তাদেরকেও রক্তাক্ত ও নীলা-ফুলা জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর স্ত্রীর কাছ থেকে ১২ আনা ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা) এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।
ঘটনার সময় চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা মামলা-মোকদ্দমা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।