

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সবশেষ ডেঙ্গু বিষয়ক তথ্য বিবরণীতে এসব নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০২ জনের মধ্যে একটি বড় অংশ ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ঢাকার বাইরেও বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অনেকেরই প্লাটিলেট কমে যাওয়া, তীব্র পেটে ব্যথা এবং ডেঙ্গু শক সিন্ড্রোমের মতো জটিলতা দেখা দিচ্ছে। লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই পরীক্ষা করা ও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস না করা গেলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বাসা-বাড়ি ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, দিনে-রাতে মশারি ব্যবহার করা এবং ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইডিং অভিযান জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।