
পয়লা জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। এই সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন বলে গতকাল জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণার টাকা আজ এক কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে | Annapurna Yojana
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ মহিলার মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার আধার লিঙ্ক করায় তাঁদের অ্যাকাউন্টে ১ জুলাই টাকা পাঠানো হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের মহিলারা। একই দিনে বিপুল সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।
তবে অনেকেই আছেন যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি? তারা এরপর কী করবেন? কীভাবে চেক করবেন নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে।
আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।
Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন।
যদি অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসড দেখায় তাহলে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে। পেন্ডিং ভেরিফিকেশন দেখালে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। যদি কারও রিজেক্টেড দেখায় তাহলে তাঁরা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা পাবেন না। ত্রুটি খুঁজে তাঁদের পুনরায় আবেদন করতে হতে পারে।