

প্রতিবেদক | সুমন মোহাম্মদ মিরপুর, ঢাকা
আজ রাজধানীর মিরপুর-১০ থেকে মিরপুর-১২ হয়ে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট (Street Art) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মিরপুর-১০, ফল পট্রি (এস এ পরিবহন গলি) এলাকায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
‘জুলাই স্মৃতি রিমেক’ কর্মসূচির আওতায় নেওয়া এ উদ্যোগের লক্ষ্য মেট্রোরেলের পিলারগুলোতে দৃষ্টিনন্দন দেয়ালচিত্রের মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং জুলাইয়ের স্মৃতি ও ঐতিহাসিক ঘটনাগুলোকে শিল্পের মাধ্যমে তুলে ধরা।
এ ধরনের উদ্যোগ রাজধানীর দৃশ্যমান পরিবেশকে আরও নান্দনিক করে তোলার পাশাপাশি নগরবাসীর মধ্যে ইতিহাস, সংস্কৃতি ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধি, ইতিহাসের স্মৃতি সংরক্ষণ এবং পরিচ্ছন্ন ও নান্দনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে ডিএনসিসির এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নগরবাসী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।